রাকসু নির্বাচন: পদপ্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস

রাবি প্রতিবেদক:
৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত পদপ্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিটি আবাসিক হল ও আড্ডার স্থানগুলো। প্রার্থীরা দলবেঁধে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, হাতে ধরিয়ে দিচ্ছেন লিফলেট ও হ্যান্ডবিল।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, প্যারিস রোড, আমতলা কিংবা পরিবহন মার্কেট—যেখানেই শিক্ষার্থীদের ভিড়, সেখানেই হাজির হচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। যদিও ব্যানার-ফেস্টুনে ভরপুর নয় ক্যাম্পাস, তবুও পদপ্রার্থী ও শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও প্রচারণার উচ্ছ্বাসে জমে উঠেছে পুরো নির্বাচন প্রক্রিয়া।
শিক্ষার্থীরা বলছেন, রাকসু নির্বাচন কেবল নেতৃত্ব বেছে নেওয়ার প্রক্রিয়া নয়, বরং নিজেদের মতামত ও অধিকার প্রতিষ্ঠার মঞ্চও।
এবার নির্বাচনে কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে ছেলেদের ১১টি হলে ১৭ হাজার ৬০০ জন ও মেয়েদের ৬টি হলে ১১ হাজার ৩০৫ জন শিক্ষার্থী।
আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পাভেল বলেন, “এত বছর পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।”

৪র্থ দিনের প্রচারণায় ব্যস্ত ছাত্রশিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন। ছবি: সংগৃহীত
বাণিজ্য অনুষদের শিক্ষার্থী চৈতী আহমেদ জানান, “এই নির্বাচনের মধ্য দিয়ে মেয়েরাও সমানভাবে অংশ নিচ্ছে। এটা আমাদের জন্য সাহস জোগানোর মতো।”
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নাম্বার প্রকাশের পর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১০টায় শেষ হবে প্রচারণার সময়সীমা। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন স্বচ্ছ ও উৎসবমুখর একটি নির্বাচন, যা ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চাকে নতুন ধারায় এগিয়ে নেবে।