বাগমারায় হিন্দু পরিবারের উপর হামলা ও চাঁদাবাজির, অভিযোগে তাঁতী দল নেতা গ্রেপ্তার

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় চাঁদা না পেয়ে একটি হিন্দু পরিবারের উপর হামলা ও মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত তাঁতী দলের ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক নবাব হোসেন ওরফে বাচ্চু (৩০) কে গ্রেফতার করেছে বাগমারা থানার পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই উপজেলার গোবিন্দপাড়া তাঁতী দলের নেতা নবাব হোসেন বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছে। সপ্তাহ খানেক আগে একই ইউনিয়নের চাঁইসারা গ্রামের হিন্দু পরিবারের নারায়ণ ভবানীর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। নারায়ণ ভবানী চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হুমকি দিয়ে চলে আসেন নবাব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণ ভবানী গ্রামের এক চালকল থেকে ধান ভেঙ্গে বাড়িতে আসার পথে নবাব তার পথরোধ করে মারধর করে। এতে ভবানী আহত হন। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেলে তিনি সেখান থেকে চলে যান।
স্থানীয় লোকজন ভবানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। ঘটনার পরপরই গ্রামের লোকজন তাঁতী দলের নেতাকে গ্রেফতারের দাবিতে বাগমারা থানা চত্বরে গিয়ে অবস্থান নেন। পরে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের আশ্বাস দিলে তাঁরা থানা ত্যাগ করেন।
চাঁইসাড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে তাঁতী দলের নেতা নবাব হোসেন চাঁইসাড়া হিন্দুপাড়ায় চাঁদাবাজি করে আসছেন। টাকা ছাড়াও তাঁকে ধান ও চাল চাঁদা দিতে হয়। অনেককে আওয়ামী লীগের সমর্থক হিসেবে চিহ্নিত করে তাঁদের কাছ থেকে টাকা দাবি করা হয়। নবাব সব সময় ধারালো অস্ত্র নিয়ে চলাফেরার কারণে কেউ প্রতিবাদ করতেও ভয় পান। এর আগে গত বছরের ১৪ অক্টোবর মব তৈরির সময় নবাবকে রামদাসহ ধরে লোকজন সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। পরে পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছিল। কিছুদিন পর তিনি হাজত থেকে ছাড়া পান।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বলেন, নবাবের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। তিনি অত্যন্ত বেপোরোয়া চলাফিরা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা উপজেলার তাঁতী দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেন, ‘গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। নবাবের অপরাধের দায় বিএনপি বা কোনো সহযোগী সংগঠন নেবে না। সে যে অপরাধ করেছে, এর দায় তাকেই বহন করতে হবে।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ওই ঘটনায় নারায়ণ ভবানীর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েল হয়েছে। মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নবাব হোসেনকে গ্রেপ্তার করেছে।