সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজধানীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সোনার দেশ ডেস্ক :
সাত দফা দাবিতে আবারও রাস্তায় নেমেছেন পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার্থীরা; তাদের অবরোধের কারণে ঢাকার সাতরাস্তা মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার ইবনে মিজান বলেন,
“হাজার খানেক শিক্ষার্থী রাস্তায় অবস্থান নিয়েছে। তাদের সাথে আলোচনা চলছে। চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।”
তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, “সাতরাস্তার মঝে অবস্থান নেওয়ার কারণে চারদিকের রাস্তা বন্ধ হয়ে গেছে। এর প্রভাব আশেপাশে পড়েছে। আমরা যানবাহন ডাইভারশনের চেষ্টা করছি।”
শিক্ষার্থীদের দাবিগুলো হল-
*জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের নিয়োগবিধি সংশোধন।
*ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়নব
*উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা।
*কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ।
*স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন।
*উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
*নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগ।
এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা সাতরাস্তা মোড়ে এসে সমাবেশ করেন এবং নিজেদের দাবির পক্ষে স্লোগান দেয়। তাতে প্রায় আধা ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।
এই সাত দফা দাবিতে রাজশাহী ও দিনাজপুরেও বুধবার সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
তথ্যসূত্র: বিডিনিউজ