রাকসু নির্বাচনে ৯ ভবনের ১৭ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ

মিডিয়া কর্ণার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। ছবি: সংগৃহীত
রাবি প্রতিবেদক:
৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। নির্বাচনে নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এসব তথ্য জানান।
৯টি ভবনের মধ্যে মমতাজউদ্দিন একাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবন, ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন, জামাল নজরুল একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশ চন্দ্র একাডেমিক ভবনে দুটি করে কেন্দ্র এবং জুবেরী ভবনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা করা হবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “ভোট গণনার পুরো সময়টি সিসি টিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।”
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে একটি মিডিয়া কর্নারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, “রাকসু নির্বাচনের স্বচ্ছতা, নির্বাচন নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং নির্বাচনি পরিবেশ সম্পর্কে দেশবাসীর প্রবল কৌতূহল রয়েছে। এ কৌতূহল মেটাতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের মাধ্যমেই সারাদেশ জানতে পারবে নির্বাচন কীভাবে হচ্ছে এবং নির্বাচনের পরিবেশ সম্পর্কে। মিডিয়া সেন্টারে ইন্টারনেট সংযোগসহ সব প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে।”
সর্বশেষ গত ২ সেপ্টেম্বরে সংশোধিত তফসিল অনুযায়ী, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এটি চলবে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত।