নবীনদের বরণ করে নিলো রাবি সায়েন্স ক্লাব

Oplus_16908288
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) এর উদ্যোগে “১১তম আরইউএসসি ফ্রেশার্স রিসেপশন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এটি অনুষ্ঠিত হয়।
প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অতিথির উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠান নবীনদের বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও উদ্ভাবনী কর্মকা-ে উদ্বুদ্ধ করার প্রাণময় এক মিলনমেলায় পরিণত হয়।
বিকেল সোয়া চারটায় সায়েন্স অলিম্পিয়াড প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও অ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ছিল আইকিউ টেস্ট। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
এরপর বিকেল ৫টার পরে শুরু হয় আনুষ্ঠানিক পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. এ. কে. এম. আজহারুল ইসলাম। তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন—”বিশ্ববিদ্যালয় জীবন হলো সম্ভাবনার নতুন দিগন্ত। বিজ্ঞানমনস্ক ও গবেষণামুখী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার। তিনি বলেন—“তোমরা জ্ঞানের আলো ও সৃজনশীলতা দিয়ে সমাজকে আলোকিত করবে—এই প্রত্যাশায় নতুন পথচলার জন্য শুভকামনা।”
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি কারিমা খাতুন এবং নাজনিন আরা নিশু এবং সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা দিয়া।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল “ক্যারিয়ার টক” সেশন। এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক এবং স্টার্টআপ রাজশাহীর সহ-প্রতিষ্ঠাতা মাহির আশেফ। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে অনুপ্রেরণা ও পরামর্শ প্রদান করেন।
ক্লাবের সভাপতি শেখ সৈকত নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নবীন বরণ, সায়েন্স অলিম্পিয়াড (বিজ্ঞান বিভাগ), আইকিউ কম্পিটিশন (অ-বিজ্ঞান বিভাগ), পুরস্কার প্রদান, ক্যারিয়ার টক, সায়েন্স শো, নৃত্য-সঙ্গীতসহ নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা।
এ আয়োজনে আইটি পার্টনার হিসেবে ছিল এনএসএম লিমিটেড, স্ন্যাকস পার্টনার হিসেবে ছিল চারু আড্ডা, কালচারাল পার্টনার হিসেবে ছিল তীর্থক নাটক, এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে ছিল আরইউ ইনসাইডার।