রাজশাহীতে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরী ও পুঠিয়া উপজেলায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযানে পরিচালনা করা হয়। কাফেলা ক্রপ কেয়ার ও হাসান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মোড়কীকরণ করার সময় টেম্পারিং করে মেয়াদ বৃদ্ধি, মোড়কজাত পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং খুচরা বিক্রয়মূল্য না থাকায় এই জরিমানা করা হয়।
রাজশাহী মহানগরীর নিউ মার্কেটে পাবনা স্টোরে পণ্যের মেয়াদ উত্তীর্ণ ও খুচরা বিক্রয়মূল্য না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও পুঠিয়া উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে উপজেলার ধোপাপাড়া বাজারের রুনা ফার্মেসী, সোহেল স্টোর এবং পুঠিয়া বাজারের সেতু মেডিক্যাল স্টোরকে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপপরিচালক ইব্রাহিম হোসেন ও সহকারি পরিচালক ফজলে এলাহী ও বিপুল বিশ্বাস। অভিযানকালে সংশ্লিষ্ট থানা পুলিশের টিম উপস্থিত ছিল।