রাজশাহী কলেজে একাদশ শ্রেণির ‘রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ’ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোমবার ( ১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী-এর চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম মোফাখখারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ। প্রফেসর আ. ন. ম মোফাখখারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন- একজন শিক্ষার্থীর মূল দায়িত্ব নিয়মিত কলেজে আগমন।
শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের ত্রিমাত্রিক কার্যক্রমের সার্থক সমন্বয়ের উপর একজন শিক্ষার্থীর সার্বিক সাফল্য নির্ভর করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন-এ কার্যক্রমে শিক্ষার্থীরা সফল হবেন এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন-‘১৫৩ বছরের গৌরবময় ধারাবাহিকতা তোমাদের মাধ্যমেই রক্ষিত হবে।’ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, ভিসি, সচিব, গবেষক প্রমুখ সফল কারিগর বিনির্মাণে রাজশাহী কলেজের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি নবীন শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখার জন্য অনুপ্রাণিত করেন।