নওহাটায় জামায়াত মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সরব হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি নওহাটা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ভোট ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, তাদের নানা সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,“রাজশাহী-৩ আসনকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে রূপ দিতে চাই। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা কাজীমুদ্দীন, নায়েবে আমীর রফিকুল ইসলাম, সহকারী সম্পাদক মশিউর রহমান, পৌর শ্রমিক সংগঠনের সভাপতি মো. আজাহার উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। গণসংযোগে নেতৃবৃন্দ জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ শেষে সন্ধ্যায় তিনি পবা উপজেলার সকল পৌরসভা ও ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন। সভায় অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন,“এই আসনে দীর্ঘদিন ধরে উন্নয়নের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে কেউ আন্তরিকভাবে কাজ করেনি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ হলো মানুষের আস্থা অর্জন করা। এজন্য নেতাকর্মীদের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারলেই নির্বাচনে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। মতবিনিময় সভায় পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ অংশ নেন। তারা নির্বাচনী মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অধ্যাপক আবুল কালাম আজাদের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।