মোহনপুরে গলায় ওড়না পেচিয়ে গৃহবধূর আত্মহত্যা
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলায় পেটের ব্যথা সহ্য করতে না পেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন শাহিনারা বেগম (৪০) নামে এক গৃহিণী। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শাহিনারা মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের খোলাগাছি গ্রামের কৃষক মো. ছইমুদ্দিন সরদারের স্ত্রী। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছু দিন ধরে শাহিনারা পেটের ব্যথায় ভুগছিলেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন তাকে বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।