ফেক আইডি শনাক্ত করাসহ ৭ দাবি রাকসু নির্বাচনের নারী পদপ্রার্থীদের

রাবি প্রতিবেদক:
বট বা ফেক আইডি শনাক্ত ও অপসারণ করা-সহ ৭দফা দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে পদপ্রার্থী হওয়া ছাত্রীদের একাংশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী তাসিন খান লিখিত বক্তব্যে ৭টি প্রস্তাবনা বা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সাইবার সুরক্ষা নিশ্চিতে পূর্ণাঙ্গ সুরক্ষা নীতি প্রণয়ন করা; ক্যাম্পাসে পর্যাপ্ত আলো, সিসিটিভি, নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার্থীদের নিরাপদ বোধ করানোর পরিবেশ সৃষ্টি করা এবং নারী শিক্ষার্থী, শিক্ষক, আইটি বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানী সমন্বয়ে, দিনরাত ২৪ ঘন্টা কার্যকর একটি বিশেষ সেল গঠন করা।
এছাড়াও বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত সব অফিসিয়াল ও স্বীকৃত গ্রুপ/পেজে সদস্যপদ দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড বা প্রাসঙ্গিক ডকুমেন্ট যাচাই বাধ্যতামূলক করা এবং ইতোমধ্যে থাকা বট, ফেক বা ভুয়া আইডি শনাক্ত ও অপসারণের জন্য নিয়মিত মনিটরিং চালু করা; ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ বা বিকৃত করার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা; ডিজিটাল মিডিয়া ব্যবহার, তথ্য যাচাই সাইবার নিরাপত্তা এবং হয়রানি প্রতিরোধ বিষয়ে কর্মশালা আয়োজন এবং তথ্যের নির্বিঘœ ও পেশাদার প্রবাহ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, হল, ও প্রশাসনিক ইউনিটের জন্য ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ/গ্রুপ চালু করা।
কারা বুলিং করছে জানতে চাইলে তাসিন খান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটা আবেদন জানিয়েছি। কিন্তু এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা চোখে পড়েনি। কদিন আগেও একটা দলের এক নেতা জুলাই-৩৬ হলের আপুদের নিয়ে বাজে বোলিং করে। দল থেকে ব্যবস্থা নিলেও প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর হোক।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাকসু, হল সংসদ, সিনেট প্রতিনিধি নির্বাচনের ১১ জন প্রার্থী উপস্থিত ছিলেন।