রবিবার, আগস্ট ২৩, ২০২৬

জাকসু: অনিয়মের অভিযোগ তুলে এবার ৩ শিক্ষকের ভোট বর্জন

WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৯ অপরাহ্ন জাতীয়
WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৯ অপরাহ্ন
জাকসু: অনিয়মের অভিযোগ তুলে এবার ৩ শিক্ষকের ভোট বর্জন
জাকসু: অনিয়মের অভিযোগ তুলে এবার ৩ শিক্ষকের ভোট বর্জন

সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের কথা জানান অধ্যাপক নাহরিন ইসলাম ও অধ্যাপক শামিমা সুলতানা।

সোনার দেশ ডেস্ক:


ছাত্রদলের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তিন শিক্ষক।
নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত এ শিক্ষকরা।
বৃহস্পতিবার বিকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের কথা জানান, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নাহরিন ইসলাম ও অধ্যাপক শামিমা সুলতানা।

অধ্যাপক শামিমা সুলতানা বলেন, “এখানে নানান ধরনের অনিয়ম হয়েছে। আমরা গতকাল থেকেই শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেইসবুকে দেখেছেন- অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো, নিশ্চয়ই এটার পেছনে উদ্দেশ্য আছে।”

নির্বাচনের সময় নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
“আমাদের মনে হয়েছে আজকে যে নির্বাচন হয়েছে সেটা একটা সাজানো নাটক। এই নাটক থেকে আমাদের সরে আসা দরকার, তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছে।”
অধ্যাপক নাহরিন ইসলাম বলেন, “আমাদের প্রচুর ছাত্র-ছাত্রী আছে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই, যার এক্সিস্টিং ছাত্র-ছাত্রী। এটা কেন হল- এসব প্রশ্নের প্রশাসনকে অবশ্যই দিতে হবে।”
বুধবার রাত থেকে অনেকগুলো ‘বিষয়’ হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা অনেকগুলো অনুরোধ করেছি। কিন্তু তারপরও আমাদের অনুরোধগুলোকে কর্ণপাত করা হয়নি।”

“আমি যখন কলমের কালি (অমোছনীয় কালি) নিয়ে আমি যখন কমপ্লেইন করেছি, যারা দ্বায়িত্বে আছেন তারা এটাকে এক ধরনের হালকাভাবে নিয়েছে। আমি মনে করি এটা কোনোভাবেই হালকাভাবে দেখা সম্ভব না।

“নির্বাচন সেটা যত বড় বা ছোট জায়গাতেই হোক সেটা সুষ্ঠু হতে হবে, একটা জাল ভোটও যাতে এ ক্যাম্পাসে না পড়ে।”
নির্বাচন বর্জন করার কারণ হিসেবে অধ্যাপক নাহরিন বলেন, “আমরা যারা দ্বায়িত্বে আছি, আমরা মনে করি, এই দ্বায়িত্বে থাকা মানে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই, আমরা যদি নির্বাচনে এ রকম প্রহসন দেখেও নির্বাচনের সাথে থাকি তাহলে কোনোভাবেই আমার বিবেকের কাছে ..(জবাব) দিতে পারব না।”

এ সময় পোলিং এজেন্ট হিসেবে দ্বায়িত্বে থাকা যেসব ছাত্রী অনিয়মের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছে তাদের প্রশংসাও করেন এই শিক্ষক।
তবে কতজন শিক্ষক নির্বাচনের দ্বায়িত্ব বর্জন করেছেন সাংবাদিকরা তা জানতে চাইলেও কোনো সংখ্যা বলেননি তিনি।
তথ্যসূত্র:বিডিনিউজ