রাবি’র বিজয়-২৪ হল ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন নির্বাচিত
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিন পদপ্রার্থী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নাজমুল আকতার আকাশ, কমনরুম সহ-সম্পাদক পদে মুহাম্মদ রিদোয়ানুল ইসলাম এবং সংস্কৃতি বিষয়ক সহকারী সম্পাদক পদে শাহেদ হোসেন।
এবিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, “ওই তিন পদে ১ জন করে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ফলে, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।”
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে এবং এরপর ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।