রাকসু নির্বাচন: প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে পাঁচজন ও সিনেটের দুইজনের প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল হয়েছে। তবে তাঁদের কমিশন বরাবর আপিল করার সুযোগ রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান নির্বাচন অধ্যাপক এফ নজরুল ইসলাম।
প্রাথমিক তালিকায় কেন্দ্রীয় সংসদে মোট ২৫৫ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে। অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৬০ জন প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন। এতে কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি মিলিয়ে মোট ৩১৫ জন প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন।
প্রার্থিতা বাতিলের মধ্যে একজন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী রয়েছেন।
কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) আশিকুর রহমান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আলম, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক পদে রিসার্চ চাকমা এবং কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সুজন চন্দ্র-এর প্রার্থিতা বাতিল হয়েছে।
এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মারুফ হাসান জেমস ও ওমর ফারুক সাফীন আজমীরের প্রার্থিতা বাতিল হয়েছে।
প্রার্থিতা বাতিলের কারণ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনেকে মনোনয়নপত্রের সাথে ব্যাংক স্লিপ, ছবি ও ডোপ টেস্টের রিপোর্ট জমা দেয়নি যার কারণে তাদের প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ সংগঠনের পদে একজনের নাম থাকায় একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে প্রাথমিক তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৭ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।
এছাড়া মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১০ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৬ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৭ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৮ জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৭ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৫ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে।
অন্যদিকে হল সংসদে ১৭টি আবাসিক হলের প্রার্থীদের প্রাথমিক তালিকা এখনো পাওয়া যায়নি। এবিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, “আমরা হলের সাথে যোগাযোগ করছি। তাঁরা আমাদের কাছে তালিকা পাঠানোর পর রাকসু ওয়েবসাইটে আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে।”
রাকসুর তফসিল অনুযায়ী ১১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।