রাবিতে ‘অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণ’ বিষয়ে আন্তর্জাতিক কনফারেন্স শুরু শুক্রবার

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এক্রাম উল্যাহ। ছবি: সংগৃহীত
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণ: একবিংশ শতাব্দীতে সমাজ, উন্নয়ন ও সুশাসন’ শীর্ষক দুই দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক কনফারেন্স আগামী শুক্র ও শনিবার (১২ ও ১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তার অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. এস. এম. এক্রাম উল্যাহ।
অধ্যাপক এক্রাম উল্যাহ বলেন, এই কনফারেন্সে যুক্তরাজ্য, নেপাল, পাকিস্তান-সহ সাতটি দেশের গবেষকরা অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে উপস্থাপন করার জন্য ৫৩৭টি অ্যাবস্ট্রাক্ট জমা দিয়েছিলোন গবেষকরা। এর মধ্যে চার স্তরের যাচাই-বাছাই শেষে অনেকগুলো বাতিল করার পর ২৮৪টি অ্যাবস্ট্রাক্ট উপস্থাপন করা হবে। এতে ৩৩৬ জন নতুন গবেষক, রাবির ১১৪ জন শিক্ষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। মোট পাঁচ শতাধিক গবেষক ও শিক্ষক অংশগ্রহণ করবেন।
কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে। এতে রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ্ হাসান নকীব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইউজিসি’র সভাপতি অধ্যাপক এস. এম. এ. ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান এবং জিআইজেড বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ ক্লাস্টারের প্রধান মার্টিনা লিবারম্যান। কনফারেন্সে কি-নোট বক্তব্য দিবেন ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী উপ-উপাচার্য (গবেষণা) অধ্যাপক জোসেফ ডিভাইন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কনফারেন্স আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সামাজিক অনুষদের সাবেক অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেন, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।