রাবিতে চলছে হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের ফ্রি হেলথ ক্যাম্প

রাবি প্রতিবেদক:
হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প- ২০২৫ শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের দক্ষিণ পাশে এই আয়োজনের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই আয়োজন সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত চলবে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্লুকোজ, রক্তের চাপ পরীক্ষা, নিএমআই, বিএম, দাঁত পরীক্ষা ইত্যাদি সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক আমীরুল ইসলাম কনক, সংগঠনটির উপদেষ্টা ফার্মেসি বিভাগের অধ্যাপক আজিজুর রহমান শামীম, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি আহসান হাবিব।
ফিতা কেটে উদ্বোধনের পর অতিথি ও উপদেষ্টারা রক্তের গ্লুকোজ, রক্তের চাপ পরীক্ষা করেন। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, এটা একটা সময়োপযোগী আয়োজন। এটা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যসেবা আরো প্রসারিত করবে৷ আমরা এই সংগঠনের সকল কাজকে স্বাগত জানাই এবং পাশে থাকবো।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আজকের এ হেল্থ ক্যাম্প দারুণ আয়োজন। যারা এ প্রোগ্রামে সহযোগিতা করেছেন এবং আয়োজকদের কৃতজ্ঞতা জানাই। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ফ্রিতে যে সেবা পাবে, তা বাইরে করাতে অনেক টাকার প্রয়োজন হয়৷ আমরা এ ধরনের আয়েজনের সাথে সব সময় থাকবো।
ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন দেখা যায় না বললেই চলে। তোমরা যারা শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করেছো, তোমরা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবে।
সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সেবাদানের লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা ক্যাম্পাসে সুস্থ থাকতে করণীয় বিষয়ে বিভিন্ন সময় প্রোগ্রাম করে থাকি। এটা আমাদের ক্যালেন্ডার প্রোগ্রাম। আমরা সম্পূর্ণ ফ্রিতে রক্তের গ্লুকোজ, রক্তের চাপ পরীক্ষা, নিএমআই, বিএম, দাঁত পরীক্ষা করছি। এবং সকল অংশগ্রহণকারীদের জন্য ফ্রি পেপসোডেন্ট থাকছে।
হেল্থ ক্যাম্প-২০২৫ এর কিট ও হেল্থ পার্টনার হিসেবে ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী; ডেন্টাল পার্টনার হিসেবে পেপসোডেন্ট; মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক উত্তরা প্রতিদিন, দৈনিক খবরের কাগজ, যমুনা টেলিভিশন, এখন টিভি ও রেডিও পদ্মা এবং এনগেজড পার্টনার হিসেবে রয়েছে আরইউ ইনসাইডার।