রাকসু নির্বাচন: ‘অপরাজেয় ৭১-অপ্রতিরোধ্য ২৪’ নামে ছাত্র ইউনিয়ন একাংশের প্যানেল

প্যানেল ঘোষণা করেন শাখা ছাত্র ইউনিয়ন (একাংশ) সভাপতি মাসুদ কিবরিয়া। ছবি: সংগৃহীত
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ নামে ৮ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ছাত্র ইউনিয়নের একাংশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মাসুদ কিবরিয়া।
ঘোষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাসুদ কিবরিয়া, সাধারণ সম্পাদক (জিএস) ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে চারুকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী পরমা পারমিতা এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদ মনোনয়ন পেয়েছেন।
কিবরিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি, পরমা শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সানজিদ সাধারণ শিক্ষার্থী হিসেবে প্যানেলে রয়েছেন।
এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা, সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মেহেদি হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবু রায়হান জনি এবং সহ সম্পাদক পদে বিজয় মার্ডি লড়বেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাহিন শিকদার।
প্যানেল ঘোষণা শেষে মাসুদ কিবরিয়া বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে ছাত্র ইউনিয়ন একটাই। বাকিরা পথভ্রষ্ট হয়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। আমরাই একমাত্র মুলধারার ছাত্র ইউনিয়ন এবং আমাদের বর্তমান কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দীন সুমন।
এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ নামে একটি প্যানেল ঘোষণা করেছিল গণতান্ত্রিক ছাত্র জোট নামে বাম ছয়টি ছাত্র সংগঠনের একটি জোট। ওই জোটের একটি অন্যতম দল ছাত্র ইউনিয়নের আরেকটি অংশ।