মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি:
‘তৃণমূলে সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি’-এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে মোহনপুর থানা কমিটিতে সাংগঠনিক মাস পালন উপলক্ষ্যে কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। তিনি বলেন, ০১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর’২৫পর্যন্ত সাংগঠনিক মাস পালন করা হবে। এই সময় পাড়ায় মহল্লায় গিয়ে সদস্য বৃদ্ধি ও নবায়ন করতে হবে। সকলের স্বদিচ্ছা থাকলে আমরা কর্মসূচির মধ্যে তা করতে পারবো।
তিনি সকল সদস্যকে সংগঠনের ঘোষণা পত্র ও গঠনতন্ত্র ভালোভাবে পড়তে বলেন। তিনি বলেন সংগঠনের মাথা হলো ঘোষণা পত্র ও গঠনতন্ত্র। এটি সম্পর্কে ভালভাবে জানতে হবে। তবেই সংগঠনের প্রতি ভালবাসা ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে নারীদের আবার ঘরে বন্দি করার জন্য নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিভিন্ন ঘটনা আমরা লক্ষ্য করছি। নারীকে স্বাধীন চলাফেরা পোশাক সহ বিভিন্ন বিষয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্থা করা যাচ্ছে। নারীরা নিত্যদিন বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে এবং এর প্রতিবাদে নারী সমাজ তথা নারী আন্দোলনকে আরো সচেতন হতে হবে। সমাজকে এই দৃষ্টিভঙ্গি নিরসনে যুক্ত করার আন্দোলন গড়ে তুলতে হবে এবং পাশাপাশি সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে হবে।
অন্যানদের মধ্যে আলোচনা করেন, মোহনপুর থানা কমিটির সাধারণ সম্পাদক সীমা খানম, কার্যকরী কমিটির প্রচার সম্পাদক আফরোজা খান হেলেন, সভায় বক্তারা বলেন, সংগঠনের স্বেচ্ছাসেবার অঙ্গীকারের পাশাপাশি ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের ভিত্তিতে সংগঠনের আদর্শকে সমুন্নত রাখা, তণমূলসহ সকল পর্যায়ের তরুণ নেতৃত্বকে সংগঠনে সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। সভাটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক, আলিমা খাতুন। এ সভায় সভাপতি উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।