রাকসু নির্বাচন: গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ নামে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ নামে প্যানেল ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠনগুলো৷ সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘােঘণা করেন রাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন।
এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিযোগিতা করবেন রাবি শাখা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদুল ইসলাম ভুইয়া রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) অর্থ সম্পাদক মো. কাউছার আহম্মেদ এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে রাবি শাখা ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার।
প্যানেলের অন্যরা হলেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক তারেক আশরাফ, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক শ্রেয়সী রায়, তথ্য ও গবেষণা সম্পাদক মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক মো. সজীব আলী, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুনতাসির তাসিন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রিসার্চ চাকমা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আজমাইন আতিক, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শামীন ত্রিপুরা।
নির্বাহী সদস্য আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, মো. সাজ্জাদ শেখ এবং মো. জুনায়েদ।
এই প্যানেল থেকে সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, আসাদ সাদিক রাফি, মো. কাউছার আহম্মেদ, ফুয়াদ রাতুল ও ফাহিম মুনতাসির রাফিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাকিব হোসেন বলেন, জনগনের করের টাকায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সমস্যাকে কেবল ব্যক্তিগত সুযোগ-সুবিধা-স্বাচ্ছন্দের মানদন্ডে বিচার করা ঠিক হবে না। যদিও মশক নিধন থেকে আবাসন পর্যন্ত শিক্ষার্থীদের সংকটের শেষ নেই। আমরা মনে করি, বিশেষ গোষ্ঠীর দলীয়করণ- ফ্যাসিকরণের প্রতিষেধক হলো ‘শিক্ষার্থীদের হাতে ক্ষমতা’। ২৪ তার এক ঝলক মাত্র। এই ক্ষমতা স্থায়ী করতে হবে। এই ক্ষমতা থাকলে, আমাদের যা কিছু সমস্যা, তা আমরা নিজেরাই সহজে সমাধান করতে পারব, অন্যথায় নয়।