পরিবেশ রক্ষায় বিএনপির উদ্যোগ: বড়গাছীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সারাদেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বড়গাছী ইউনিয়নে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে দলটির নেওয়া এ কর্মসূচি সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। রোববার (৭ সেপ্টেম্বর) বড়গাছী স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কেএইচ রানা শেখ। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং নিজেও বিদ্যালয় চত্বরে কয়েকটি চারা রোপণ করেন।
আয়োজকরা জানান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষ থেকে এ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পরিচালিত হয়েছে।
কেএইচ রানা শেখ বলেন,“বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আমরা পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি উপহার দেওয়া আমাদের দায়িত্ব। একটি জাতি হিসাবে অস্তিত্ব, একটি রাষ্ট্র হিসাবে সমৃদ্ধি, একটি মানুষ হিসাবে বেঁচে থাকতে আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে।”
তিনি আরও জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ কর্মসূচি চলমান থাকবে এবং প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন,“রাজনীতি শুধু ক্ষমতায়ন নয়, সামাজিক দায়িত্বও রয়েছে। গাছ লাগানোর মতো কাজগুলো দলীয় নেতাকর্মীদের সচেতনতার প্রমাণ।”