দুর্গাপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর বাজারে জেলা ভোক্তা অধিকারের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিয়ন মেডিসিন কর্ণারকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা, মা গিফট কর্ণারকে আমদানিকারকের সিলবিহীন কসমেটিকস বিক্রির দায়ে ৫ হাজার টাকা, সাফোয়ান ক্লথ অ্যান্ড গিফট স্টোরকে ৩ হাজার টাকা এবং রাব্বি স্টোরকে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এবং মেট্রো সহকারী পরিচালক ফজলে রাব্বি। এ সময় দুর্গাপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান শেষে কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।