রাজশাহীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি :
“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”- প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে চত্বর প্রদক্ষিণ করে। দিবসটির স্লোগান সম্বলিত ক্যাপ পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, “বর্তমানে আমরা শিক্ষার পূর্বে প্রযুক্তির দিকে ঝুঁকছি। ডিগ্রীর ঝুড়ি ভর্তি করছি, কিন্তু তা জাতির জন্য যথেষ্ট কল্যাণকর নয়। প্রকৃত উন্নয়নের জন্য শিক্ষা, খেলাধুলা ও প্রযুক্তিকে একসাথে নিতে হবে। শিক্ষা ও সাক্ষরতা ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। তাই অশিক্ষা দূরীকরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আলোচনা সভায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, রাজশাহীর সহকারী পরিচালক মো. রায়হানুর রহমান বলেন, “শুধু পড়া-লেখা জানলেই সাক্ষর নয়। জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনমান উন্নয়নই প্রকৃত সাক্ষরতা।” তিনি একবিংশ শতাব্দীর সাক্ষরতার নতুন মাত্রা হিসেবে ডিজিটাল সাক্ষরতা, তথ্য সাক্ষরতা, মিডিয়া সাক্ষরতা ও আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আ. ওয়াহাব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, কারিতাস রাজশাহী আঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. অরোক টপ্য, ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন এবং রিভারভিউ কালেক্টরেট রাজশাহীর শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নয়নের হাতিয়ার নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক অগ্রগতির মূল চালিকাশক্তি।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনটির সার্বিক বাস্তবায়ন করেছে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, রাজশাহী দপ্তর।