রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন প্রায় ১২শ জন

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় শেষ হয়।
রাকসু’র ২৩টি পদে ২৬০ জন, সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন এবং ১৭টি হলের মধ্যে ১৬টি হলের ছাত্র সংসদে ৫৫৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একটি হলের তথ্য জানা সম্ভব হয়নি। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এসব তথ্য জানান। রাকসু, ১৬টি হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১১৮০ জনের অধিক।
এর আগে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম শেষে রাকসু’র ২৩টি পদে ৩৯৫ জন, সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে ৮৪ জন এবং ১৭টি হলের ছাত্র সংসদে ৭৫৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসেবে মনোনয়ন পত্র জমা দেননি রাকসুতে ১২৬ জন, হল ছাত্র সংসদে ১৭০ এর অধিক এবং সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ২২ জন।
রাকসু’র ২৩টি পদে ২৬০ জন মনোনয়ন পত্র জমা দেওয়া পদপ্রার্থীদের মধ্যে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ জন, এজিএস পদে ১৬ জন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৭ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এছাড়া, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৮ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৯ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৬ জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৮ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।