রাকসু নির্বাচন: শেষ দিনের মনোনয়ন পত্র জমা শুরু, আবারও কি পুনর্বিন্যস্ত হবে তফসিল?

মনোনয়ন পত্র জমা নেওয়ার অপেক্ষা করছেন কর্মকর্তারা
রাবি প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের শেষ দিনের মনোনয়ন পত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাকসু রিটার্নিং অফিসারের কার্যালয়ে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হয়। হল ছাত্র সংসদের মনোনয়ন পত্র স্ব স্ব হলে জমা নেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী আজ রবিবার বিকেল ৫টায় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় শেষ হবে। তবে, ছাত্রদলের কিছু নেতা ও এক সাবেক সমন্বয়কের দাবির পরিপ্রেক্ষিতে আজ বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভায় ডাবল মাস্টার্স করার সুযোগ চালু করা হতে পারে। এক্ষেত্রে মনোনয়ন পত্র বিতরণ ও জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে সপ্তম বারের মতো পুনর্বিন্যস্ত হতে পারে নির্বাচনের তফসিল।
তবে বর্তমান তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণের সময় আর বাড়ানোর সুযোগ নেয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কনিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম। তিনি বলেন, এই সিডিউলে মনোনয়ন পত্র সংগ্রহের সময় শেষ হয়ে গিয়েছে। এই সিডিউলে আর কেউ পদপ্রার্থী হতে পারবে না।
কাউকে পদপ্রার্থী করা লাগলে সিডিউল বাতিল করা লাগবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনও বাতিল করে পুনরায় গঠন করা লাগবে। আর এখন কেউ ডাবল মাস্টার্সে ভর্তি হতে চাইলেও সেটা সময়সাপেক্ষ ব্যাপার। সর্বোচ্চ এখন কেউ ছাত্র হলে তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। নির্বাচন কমিশনের এই এখতিয়ার রয়েছে।
মনোনয়ন পত্র বিতরণের সময় কেনো বাড়ানো যাবে না জানতে চাইলে তিনি বলেন, মনোনয়ন পত্র বিতরণের পর্ব আগেই শেষ হয়ে গিয়েছে। এখন জমা দেওয়ার পর্ব চলছে। এখন যদি মনোনয়ন পত্র বিতরণের পর্ব চলতো, তাহলে হয়তো আমরা বাড়াতে-কমাতে পারতাম। এখন মনোনয়ন পত্র জমা নেওয়া থেকে আবার পিছনে গিয়েতো মনোনয়ন পত্র বিতরণ করা যাবে না।
এর আগে, মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ও সিনেটের বিভিন্ন পদে ২৯ জন স্বতন্ত্র পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ ছাড়া হল সংসদে ১৭টি হলে ৭১ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে এদিন কোনো প্যানেল বা ছাত্র সংগঠনের প্রতিনিধিদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায়নি। সাপ্তাহিক ছুটি থাকায় শুক্র (৫ সেপ্টেম্বর) ও শনিবার (৬ সেপ্টেম্বর) মনোনয়ন জমা দেওয়া বন্ধ ছিলো।#