নগরীতে আলোচনা সভায় অধ্যাপক মুজিবুর রহমান, শেখ হাসিনার শাসন আমল ইতিহাসের জঘন্যতম অধ্যায় হয়ে থাকবে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসন আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হয়ে থাকবে। গত ১৫ বছর ক্ষমতার মোহে শত শত মানুষকে খুন করে, গুম করে নির্যাতন করা হয়েছে তার কোনো হিসাব নেই। নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নিজের মতো আইন করেছেন, আইন বাতিল করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
তিনি আরও বলেন, আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল (সা.) সেই নেতৃত্বের প্রতীক। তার সুমহান আদর্শই আমাদের পথ নির্দেশিকা। তার রাষ্ট্র পরিচালনার নীতিই আমাদের পাথেয়। কোনো জাতির জন্য কল্যাণ করতে হলে অবশ্যই আল্লাহর রাসূলের রাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল (সা.) ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্র ব্যাবস্থার রূপকার। তিনি আল্লাহ প্রদত্ত যেই বিধানের প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটাই হলো আসল নীতি। আমাদেরকে সেটাই অনুসরণ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ডা. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বেলাল হোসাইন, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার মহানগরী তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া ।