তানোরে কথিত কবিরাজের হাতে ভূমি অফিসের কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ
তানোর পৌর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে কথিত কবিরাজ আবুল কালাম আজাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও ভূমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার) লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভীর আহম্মেদ বাদী হয়ে আবুল কালাম আজাদসহ তিনজনের বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাঁন্দুড়িয়া বাজার সংলগ্ন কবিরাজ আজাদের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে। সেখানে ভূমি অফিস নির্মাণ করার জন্য স্থানটি নির্মাণ করা হয়েছে। তহসিলদার ওই স্থানটি পরিদর্শন করতে যায়। আবুল কালাম আজাদ তার লোকজন নিয়ে সরকারি কাজে বাধা ও অশ্লীল ভাষায় গালিগালাজসহ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) চাঁন্দুড়িয়া মৌজার ১২৬৮ নম্বর দাগে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে। সেখানে চাঁন্দুড়িয়া ইউপি ভূমি অফিস নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে। ওই জায়গায় গ্যারেজ নির্মাণের বালু দিয়ে ভরাট শুরু করেন আবুল কালাম আজাদ।
এবিষয়ে তহসিলদার তানভীর আহমেদ বলেন, ইউএনওর স্যারের নির্দেশনায় আমার অফিসের স্টাফসহ আমি ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে আগে থেকেই আবুল কালাম আজাদসহ তার বেশ কিছু লোকজন উপস্থিত ছিলেন সরকারি জায়গায় বালু ভরাট করছেন কেনো-এমন প্রশ্ন করায় তিনি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যান এবং অশ্লীল ভাষায় গালিগালাজসহ আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এবিষয়ে আমি ইউএনও স্যারকে জানিয়েছি এবং থানায় অভিযোগ দিয়েছি।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছিত এটা বড় ধরনের অপরাধ। তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। যাতে করে কেউ ভবিষ্যতে এমন দুঃসাহস না পায়।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, আমি জরুরী কাজে বাইরে ছিলাম তবে বিষয়টি আমি অবগত আছি। মামলার প্রক্রিয়া চলছে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।