নগরীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে শাহমখদুম থানায় দায়ের করা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর জিরোপয়েন্টে মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসিকে অপসারণের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, রাজশাহী প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখাসহ বিভিন্ন সংগঠন ও তাদের সদস্যরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও শাহমখদুম থানার ওসিকে অপসারণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাব্বির, সদস্য তন্ময় দেবনাথ, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদস্য রাকিবুল ইসলাম রকি, প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার মাখন প্রমুখ।