রাজশাহীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি পিকআপ চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। যার মধ্যে আশঙ্কজনক অবস্থায় আছেন তিনজন।
বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপ থেকে নিহত চালকের মরদেহ বের করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
ওসি জানান, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর। এই তিনজনের মধ্যে একজন পিকআপের হেলপার, দুজন বাসের যাত্রী। নিহত ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তারপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।