রবিবার, আগস্ট ২৩, ২০২৬

তানোর মহানগর ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর মৃত্যুঝুঁকি

WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২২ অপরাহ্ন

তানোর পৌর প্রতিনিধি:


রাজশাহীর তানোর উপজেলায় মহানগর ক্লিনিকের ভুয়া চিকিৎসকদের ভুল অপারেশনে এক নারী রোগীর মৃত্যুঝুঁকি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রাজশাহী সিভিল সার্জনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়াও এর অনুলিপি দেওয়া হয়েছে রাজশাহী জেলা প্রশাসক, সেনা ক্যাম্প ও পুলিশ সুপার ও র‌্যাব-৫ এর সদর দফতরে।

ভুক্তভোগী এই নারীর নাম রোজিনা খাতুন (৩৫)। তিনি এই লিখিত অভিযোগগুলো দিয়েছেন। অভিযোগে তিনি বলেন, ১০ জুলাই রাতে পেটব্যথা নিয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। সেখানে মহানগর ক্লিনিকের দালাল বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকের ম্যানেজার ও অন্যান্য সহযোগীরা কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই জানায় অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে হবে। নাহলে মৃত্যু হতে পারে।

পরদিন ১১ জুলাই সকালে ক্লিনিকের পরিচালক হেলাল উদ্দিন, তার স্ত্রী কামরুন নাহার স্মৃতি, সহকারী পরিচালক জাহিদ হাসান ও তথাকথিত ডাক্তারসহ অন্যরা যোগসাজশে রোজিনার অপারেশন করেন। দুইদিন পর তাকে ছাড়পত্র দেওয়া হলেও বাসায় ফেরার পর তীব্র জ্বর ও পেটব্যথা দেখা দেয়। পুনরায় ক্লিনিকে গেলে কর্তৃপক্ষ শুধু সাপোজিটরি দেওয়ার পরামর্শ দেয়।

অবশেষে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি হই। সেখানকার ডাক্তার অপারেশন সম্পূর্ণ ভুল ছিল এবং এতে রোগীর অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায়। পুনরায় অস্ত্রোপচার করতে গিয়ে প্রায় ৪০ হাজার টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

অভিযোগে আরও বলা হয়, মহানগর ক্লিনিকের অপারেশন পরিচালনাকারীরা ভুয়া চিকিৎসক। তারা দীর্ঘদিন ধরে নিজেদের বড় ডাক্তার পরিচয়ে প্রতারণামূলকভাবে চিকিৎসা দিয়ে আসছেন।
ভুক্তভোগী রোজিনা বলেন, প্রতিবাদ করলে ক্লিনিক কর্তৃপক্ষ উল্টো হুমকি দিয়ে জানায় থানা, পুলিশ, কোর্ট, সাংবাদিক সবাই আমাদের পকেটে। বাড়াবাড়ি করলে উল্টো মিথ্যা মামলা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন, “আমি সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সিভিল সার্জন জানান, ঘটনাটি তদন্তের জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওকে নির্দেশ দেওয়া হয়েছে। তানোর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বলেন, আমি ইতোমধ্যেই ক্লিনিকটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি। বিষয়টি আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত ক্লিনিক মালিক হেলাল উদ্দিনের অফিসে একাধিক বার গিয়েও তাকে পাওয়া যাইনি।