রবিবার, আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তে জমজমাট কানসাটের আমবাজার

WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৪ অপরাহ্ন
WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত আম নিয়ে চলে উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন হাটবাজারের মধ্যে কানসাট আমবাজার দেশের সবচেয়ে বড় পাইকারি আমবাজার হিসেবে পরিচিত। মৌসুমে প্রতিদিন এখানে বিক্রি হয় কয়েক কোটি টাকার আম।

মৌসুমের শেষ প্রান্তেও কানসাট আমবাজার ভরপুর আমে সাজানো। ভোর থেকে বিকেল পর্যন্ত চলছে আম কেনাবেচার ব্যস্ততা। প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে ভ্যানে ভ্যানে আম নিয়ে আসছেন চাষিরা। বাজারে এখনো পাওয়া যাচ্ছে আশ্বিনা, কাটিমন ও গৌড়মতি জাতের আম।

কানসাট আব্বাস বাজার এলাকার আমচাষি আতিকুর রহমান মিলন বলেন, কানসাট বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ আম আসে। এবার তার জমিতে আশ্বিনা জাতের আম ছিল, যা সহজেই বিক্রি হচ্ছে। বাজারের প্রাণচাঞ্চল্য এখনো আগের মতোই।

শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা আরিফ আলি জানান, কানসাট বাজারে কাটিমন আম নিয়ে এসেছি। চাহিদা ভালো থাকায় সহজেই বিক্রি হয়ে যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, মৌসুমের শেষ দিকেও কানসাট বাজার আমে পরিপূর্ণ। প্রতিদিন বিপুল অঙ্কের লেনদেন হচ্ছে। এটি দেশের আম ব্যবসায়ীদের জন্য বড় ভরসার জায়গা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসীন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে প্রায় সাড়ে ৩ লাখ টনের বেশি আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বাজারে সরবরাহ অব্যাহত থাকায় ক্রেতারা স্বল্পমূল্যে আমের স্বাদ নিতে পারছেন।

বর্তমানে কানসাট বাজারে আশ্বিনা আম বিক্রি হচ্ছে সাড়ে ৪-৫ হাজার টাকা মণ, কাটিমন ৫-৬ হাজার এবং গৌড়মতি ৬-৭ হাজার টাকা মণ দরে।

কানসাট আমবাজার আড়তদার সমিতির সভাপতি আবু তালেব জানান, বর্তমানে কানসাট আমবাজার আড়তদারগন এখনো দেশের বিভিন্ন জেলায় লেট ভ্যারায়টিজ জাতের আম পাঠাচ্ছেন। দাম ও ভালো পাচ্ছেন।

সব মিলিয়ে মৌসুমের শেষ প্রান্তেও চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজারে আম নিয়ে চলছে উৎসবমুখর পরিবেশ।