রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আমরা বিজয়ী হয়েছি, আর কোনো কর্মসূচিতে যাবো না: কেন্দ্রীয় ছাত্রদল নেতা

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ছবি: সংগৃহীত

রাবি প্রতিবেদক:


প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসু’র ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের টানা কর্মসূচি পালনের পর দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রদল আর কোনো দাবিতে কর্মসূচি পালন করবে কিনা জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, “আমরা বিজয়ী হয়েছি। আমরা আর কোনো কর্মসূচিতে যাবো না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো নির্দিষ্ট প্যানেলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে আমরা আবারও প্রতিরোধ গড়ে তুলবো।”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে রাবি শাখা ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আমাদের মূল দাবি ছিলো, রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দেওয়া। আমাদের দাবি অর্জিত হয়েছে। ছাত্রদল যে শিক্ষার্থীদের জন্য লড়ে, তাঁর অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো। আমরা দাবি জানিয়েছিলাম ইনক্লুসিভ নির্বাচনের জন্য। ডাকসু-জাকসু নির্বাচনে বয়স উঠিয়ে যারা এমফিল ও অতিরিক্ত মাস্টার্সে অধ্যয়ন করছে, তাদের নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু রাবিতে এটা করা হয়নি, যা মূলত স্ববিরোধীতা। নির্দিষ্ট একটা গোষ্ঠীকে সুযোগ প্রদানের জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে।”

আমান বলেন, “ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করার জন্য আমাদের প্রধান দাবি ছিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা। আমাদের সেই দাবি অর্জিত হয়েছে। ছাত্রদল যে শিক্ষার্থীদের অধিকার আদায়ে শেষ পর্যন্ত মাঠে থাকে এটাই তার অনন্য দৃষ্টান্ত। এখানে আমাদের বিজয় হয়েছে এবং যারা শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিল তারাই পরাজিত হয়েছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম-সহ বিভিন্ন পর্যায়ের ত্রিশের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট পাঁচ দফা দাবি জানিয়েছিল রাবি শাখা ছাত্রদল। এরপর দফায় কর্মসূচি পালন করেছে সংগঠনটি। তাদের অধিকাংশ দাবি ইতোমধ্যে মেনে নিয়েছে রাকসু নির্বাচন কমিশন। আইনগত কারণে শুধু বিদেশী শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে অপারগতা প্রকাশ করেছে কমিশন।

তাঁদের দাবিগুলো হলো- ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থী ও বিদেশী শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, রাকসুর ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করা, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করা, আবাসিক হলে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করা।