কাঁকনহাট পৌর ফুটবল টুর্নামেন্টে ৭ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার আয়োজনে ‘কাঁকনহাট পৌর ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফাইনাল খেলায় ৭ নম্বর ওয়ার্ড দল ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই ম্যাচকে ঘিরে পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতি আক্রমণে লড়াই চালালেও প্রথমার্ধে গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধে ৭ নম্বর ওয়ার্ড দলের পক্ষে প্রথম গোলটি আসে ৪২তম মিনিটে, আর দ্বিতীয় গোলটি হয় ৫৪তম মিনিটে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা শেষে ৭ নম্বর ওয়ার্ড দল বিজয়ী হয় এবং ৮ নম্বর ওয়ার্ড দল রানার আপ হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম। তিনি বলেন,“বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়রা তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পেয়েছে। খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহীদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনিসুজ্জামান, সহকারী প্রকৌশলী এএইচএম সাইফুল্লাহসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৯টি দল নিয়ে গ্রুপপর্ব, সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়।