বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন নির্বাচন কমিশনার কে.এম. ওবায়দুর রহমান চন্দন। সঞ্চালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন নির্বাচন কমিশনার আমিরুল ইসলাম খান আলীম।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশিষ রায় মধু, বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলী, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন ও গোলাম মোস্তফা মামুন।
সভায় জানানো হয়, আজ ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি তিনদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সোমবার সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। একই দিনে বিকেল সাড়ে ৩টায় বাটার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হবে। র্যালি ও পথসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম।
র্যালিটি বাটার মোড় থেকে লোকনাথ স্কুল-রাজশাহী কলেজ গেট হয়ে মনিচত্বর অতিক্রম করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে।
এছাড়া আগামী মঙ্গলবার সকাল ১০টায় ভুবন মোহন পার্কে রক্তদান কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার সকাল ১১টায় বিমান চত্বর থেকে ফ্লাইওভার পর্যন্ত বৃক্ষরোপণ করা হবে।