নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি:
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর আলী (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে । শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার নেপালদিঘী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নবীর আলী রাজশাহী জেলার বাঘা এলাকায় বাসিন্দা। তিনি অনেক বছর ধরে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ি শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নেপালদিঘী এলাকার ইদ্রিস আলীর বাড়ি থেকে মালামাল চুরি করে পাশে আরেকটি বাড়িতে প্রবেশ করে নবীর আলী। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নবীর আলীর মৃত্যু হয়। পরে রোববার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়। প্রাথমিক ভাবে ধারাণা করছি, গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছি।