বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে সাম্য ও গণতন্ত্র: রায়হান

মোহনপুরে এমপি পদপ্রার্থী রায়হানের চারাগাছ বিতরণ
নিজস্ব প্রতিবেদক ও কেশরহাট প্রতিনিধি :
বিএনপির প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়িত হলে দেশে একটি সত্যিকারের সাম্য, মানবিক, গণতান্ত্রিক ও উন্নয়নশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান। শনিবার (৩০ আগস্ট) বিকেলে মোহনপুর উপজেলার বাগবাজার এলাকায় আয়োজিত উঠান বৈঠক ও বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রায়হানুল আলম বলেন,“ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত সবকিছু আজ একদলীয়করণের শিকার। এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে মেরামত করে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দিতেই বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে। এটি শুধু বিএনপির একার নয়, দেশের সাধারণ মানুষের মুক্তির সনদ।”
তিনি আরও বলেন, “এই রূপরেখার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। তাই প্রত্যেক নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় গিয়ে এই বার্তা পৌঁছে দিতে হবে।”
বর্তমান অর্থনৈতিক সংকটের সমালোচনা করে তিনি বলেন,“দেশের মানুষ ভালো নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন।”
রায়হানুল আলম জানান, বিএনপির ৩১ দফায় ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষার কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। তিনি বলেন,“এই রূপরেখা বাস্তবায়িত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।”
তরুণদের প্রসঙ্গে তিনি বলেন,“দেশের যুব সমাজ আজ কর্মসংস্থানের অভাবে হতাশ। বিএনপির ৩১ দফায় তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের মেধা বিকাশের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
আলোচনা সভা শেষে উপস্থিত শত শত সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। বৈঠকে ধূরইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহা, মোহনপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রামকৃষ্ণ সরকার ও সাংগঠনিক সম্পাদক শীতেন বাবু, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন শাহ ও যুগ্ম আহ্বায়ক হাবিব, প্রজন্ম একাত্তর দল রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক কাজিম উদ্দিন এবং ছাত্রদল নেতা হিরো ও মুন প্রমুখ।