আত্রাইয়ে কাজ শেষ না হতেই সড়কে ধস

আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলাধীন আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া বাজার থেকে ইব্রাহিম নগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার দেওয়ান মহসিন আলী সড়ক নির্মাণের কিছুদিনের মধ্যেই ধসে গিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সিংসাড়া বাজারের অদুরে ঐতিহ্যবাহি উঁচাগর ঈদগাহ মাঠের কোল বয়ে চলা ওই সড়কের দুই তিন জায়গা ধসে গেছে।
অতিদ্রুত রাস্তার ধার দিয়ে মাটি না দিলে সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি ধসে যেতে পারে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। তারা অভিযোগ করেন নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং সঠিকভাবে রোলার দিয়ে কম্পেকশন না করার কারণে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী অভিযোগ করে বলেন, রাস্তাটি নির্মাণকাজে চরম অনিয়ম হয়েছে।ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে জনগণকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।
কাজের ঠিকাদার আব্দুল মতিন এর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন জরুরী ভিত্তিতে রাস্তাটির ভেঙ্গে যাওয়া স্থান মেরামত করে দিবেন।
উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার বলেন, আমি রাস্তাটি ভাঙ্গা সম্পর্কে অবগত আছি। খুব শিগগিরই ভাঙ্গা স্থানগুলো মেরামত করে মানুষের দুর্ভোগ লাঘব করা হবে।