দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে হত্যার অভিযোগে ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
দুর্গাপুরে হত্যা মামলার আসামি ওয়াজেদ আলী নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২৯ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) ও নজরুল ইসলাম (৬০)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই গ্রামেই তাদের বাড়ি।
র্যাব জানিয়েছে, গত ১৪ মে হোজা অনন্তকান্দী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মারামারিতে হাসিবুর নামের এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় ১৫ মে দুর্গাপুর থানায় হত্যা মামলা হয়। এই মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি। তিনি হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন।
১০ আগস্ট ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলে নিজের পানবরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের কমপক্ষে ৩০-৩৫ জন লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
র্যাব জানায়, সর্বশেষ হত্যার এই ঘটনার তদন্তে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।