দলগতধর্ষণ মামলার আসামি স্বাধীনকে ঢাকা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ সিপিসি-৩ এবং র্যাব-৪, সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় জয়পুরহাট সদর থানার দলগতধর্ষণ মামলার আসামি স্বাধীন (১৮)কে ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর হতে গ্রেফতার করেছে। ধৃত আসামী জয়পুরহাট সদও থানার হরিপুর সাহেবপাড়ার জালালের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বর্ণিত আসামিসহ ঘটনার সাথে জড়িত অন্য আসামিরা জয়পুরহাট সদর থানার হরিপুর এলাকার বাসিন্দা ফারুক হোসেন এর স্কুল পড়ুয়া (অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত) মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। ভিকটিম এ বিষয়ে তার পিতাকে অবগত করলে ভিকটিমের পিতা ফারুক হোসেন আসামিদের বাঁধা নিষেধ করে।
এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন গত ২১ জুন ২০২৫ সন্ধ্যা ৭ ঘটিকায় ভিকটিম দোকান থেকে খাবার কিনে বাড়িতে আসার পথে উল্লিখিত আসামিসহ অন্য আসামিরা ভিকটিমকে জোরপূর্বক হরিপুর মৌজাস্থ সালাম মৌলভীর পাটখেতে নিয়ে পাট দিয়ে হাত বেঁধে এবং মুখে ওড়না পেচিয়ে ভিকটিমকে মৃত্যুর ভয়ভীতি প্রদর্শন করে সন্ধ্যা সাড়ে ৭ টা হতে রাত সাড়ে ৩টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিম অসুস্থবোধ করলে আসামিরা ভিকটিমকে ঘটনার বিষয়ে কাউকে না বলার শর্তে ছেড়ে দেয় এবং ভিকটিম নিজ বাড়িতে চলে যায়। পরদিন সকালে ভিকটিম তার পিতার কাছে ঘটনার বিষয়ে জানায়। ভিকটিমের পিতা মান সম্মানের ভয়ে কাউকে কিছু না জানিয়ে চুপ থাকে।
কিন্তু আসামিরা উক্ত ঘটনার প্রেক্ষিতে পুনরায় ভিকটিমকে উত্ত্যক্ত ও ধর্ষণ ঘটনার ছবি ও ভিডিও আছে বলে পুনরায় ভিকটিমকে কু-প্রস্তাব দিতে থাকে। ভিকটিমের পিতা আসামিদের এই ধরনের কাজ ও কু-প্রস্তাব দিতে বহুবার নিষেধ করলে আসামিরা ভিকটিমের উক্ত স্থির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে মর্মে হুমকি প্রদান করে।
এ বিষয়ে ভিকটিমের পিতা আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত বাদির অভিযোগ আমলে নিয়ে অফিসার ইনচার্জ জয়পুরহাট সদর থানাকে বাদীর উক্ত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ প্রদান করলে জয়পুরহাট সদর থানার মামলা নং-২৭ তারিখ-২১/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৩) রুজু হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট জয়পুরহাট সদর থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-৪ সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল গণধর্ষণকারীদের গ্রেফতারের জন্য তৎপর হয়। অতঃপর ২৮ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৬:৩৫ মিনিটে র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-৪, সিপিসি-২ এর যৌথ আভিযানিক দল ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় আসামি স্বাধীনকে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, বর্ণিত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় ০৪জন আসামির মধ্যে উল্লেখিত গ্রেফতারকৃত আসামিসহ এ পর্যন্ত র্যাব কর্তৃক মোট ০৩ জন আসামিকে গ্রেফতার করা হলো।
গ্রেফতারকৃত আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সহিত জড়িত অপর ০১ জন আসামিকে গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।