রাকসুর ভোটার তালিকায় নবীনদের না রাখার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটার তালিকা থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে তাদের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, যে ভোটাধিকারের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, সেই অধিকার কেড়ে নিতে অভ্যুত্থানের পর কিছু সন্ত্রাসী-চরিত্রের শিক্ষক প্রশাসনে বসানো হয়েছে। আজ পরিকল্পিতভাবে হাজারো শিক্ষার্থীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাকসু নির্বাচনে এই প্রশাসন এক বিতর্কিত ও মেরুদ-হীন শিক্ষককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।
দপ্তর সম্পাদক নাফিউল জীবন বলেন, শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তারা রাকসু ফি দিয়েই ভর্তি হয়। কিন্তু এই প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে চরম বৈষম্য।
এর আগে গত ২৫ আগস্ট প্রথম বর্ষ ও বিদেশী শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছিল শাখা ছাত্রদল।