রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বিএমডিএর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন কৃষি সচিব

WP Import ২৮ আগস্ট ২০২৫ ০৯:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ আগস্ট ২০২৫ ০৯:৫১ অপরাহ্ন
বিএমডিএর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন কৃষি সচিব
বিএমডিএর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন কৃষি সচিব

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার প্রকল্প পরিদর্শন করেন।

রাজশাহী গোদাগাড়ী উপজেলার সরমংলায় বিএমডিএ কর্তৃক বাস্তবায়িত ‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ-২য় পর্যায়’ প্রকল্পের সেচ কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি রাজশাহী গোদাগাড়ীর মোহনপুর এলাকায় ‘পার্টনার প্রোগ্রাম’ কর্তৃক বাস্তবায়িত সৌরশক্তি চালিত সেচযন্ত্রের কার্যক্রম, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ‘অবকাঠামো উন্নয়ন সক্ষমতা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় জোন দফতর ভবন উদ্বোধন ও ‘ডাবল লিফটিং পদ্ধতিতে মহানন্দা নদীর পানি সেচকাজে ব্যবহার এবং পরিবেশ উন্নয়ন’ প্রকল্পের কাজ এবং ‘পানি সংকটময় এলাকার সেচ বঞ্চিত এলাকা ও খাল সমূহ’ পরিদর্শন করেন।

এসময় কৃষি সচিব বলেন, ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সহায়তা ও কৃষির ব্যাপক উন্নয়ন হয়েছে। আগে এখানে এক ফসল হলেও এখন মিনিমাম তিনটি ফসল হয়। এটা একটা বড় অর্জন। একসময় বরেন্দ্র অঞ্চলে মানুষের খাদ্যের হা হা কার ছিল। মঙ্গা ছিল। এখন এইখানকার মানুষের খাদ্য তো বটেয়, সারাদেশ ছাড়া এখন অন্যান্য দেশে আমরা মানুষকে খাদ্য দিয়ে থাকি। আমরা নির্ভর করি রাজশাহীসহ উত্তরবঙ্গের ফসলের উপর। উত্তরবঙ্গের ফসল সারাদেশের মানুষকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে।’

সার প্রসঙ্গে তিনি বলেন, ‘সার নিয়ে আমাদের সচেতনতা লাগবে। সার কিন্তু পর্যাপ্ত আছে এবং কৃষক পাচ্ছে। মানুষের ব্যবহারের মধ্যে একটু সচেতনতার অভাব আছে। আমরা কৃষকদের বোঝানোর চেষ্টা করছি একটি জমিতে কি পরিমাণ সার আসলে প্রয়োজন। আমরা একটি খামারি অ্যাপ চালু করেছি। সে জমির কন্টেস্ট অনুযায়ী কৃষক কি ধরণের কতটুকু সার ব্যবহার করতে পারবে সেটি জানতে পারবে। অতিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষতি এবং কৃষকের অর্থের অপচয়।’

এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তারিকুল আলম, অতিরিক্ত সচিব মীর্জা আসরাফুল রহমান, একান্ত সচিব মাকসুদুল ইসলাম, বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নাজিরুল ইসলাম, শিবির আহমেদ, নুর ইসলাম প্রমুখ।