অপহরণ মামলার প্রধান আসামি জাহিদুলকে ফরিদপুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-১০, সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় ফরিদপুর সদর থানার ঝিলটুলী এলাকা হতে নওগাঁ সদর থানার অপহরণ মামলার মূল আসামি জাহিদুল ইসলাম (৩৫) গ্রেফতার করেছে। এ সমসয় অপহৃতাকেও উদ্ধার করা হয়। ধৃত জাহিদুল নওগাঁ সদর থানার মখরপুরের ইয়াছিন সরদারের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় নওগাঁ মহিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে অধ্যয়নরত। আসামি জাহিদুল ভিকটিমের বাসায় রড মিস্ত্রির কাজ করার সুবাদে ভিকটিমের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন সময়ে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো।
১৯ জুন ২০২৫ সন্ধ্যা অনুমান ৬ টার দিকে ভিকটিম প্রতিদিনের ন্যায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে নওগাঁ পৌরসভার বউ বাজার মোড়ে পাঁকা রাস্তার উপর পৌছালে সেখানে পূর্ব থেকে ওঁতপেতে থাকা আসামি জাহিদুল অজ্ঞাতনামা ৫/৭ জন আসামির সহযোগিতায় ভিকটিম এর পথরোধ করে জোরপূর্বক সাদা রংয়ের মাইক্রাবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ সংক্রান্তে ভিকটিমের পিতা ইমরান হোসেন সরদার (৫০) এর অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ জেলার সদর থানার মামলা নং-০৬ তারিখ- ০৩ জুলাই ২০২৫ ইং, ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) রুজু হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট নওগাঁ সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী জাহিদুলকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারের জন্য তৎপর হয়। অতঃপর ২৬-০৮-২০২৫ তারিখ ১৫৩০ ঘটিকায় র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-১০, সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল ফরিদপুর জেলার সদর থানাধীন ঝিলটুলী এলাকা থেকে অপহরণকারী আসামি জাহিদুলকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
অপহৃত ভিকটিমকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।