রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ সুখি ও সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে : রায়হান

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:০৬ অপরাহ্ন
৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ সুখি ও সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে : রায়হান
৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ সুখি ও সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে : রায়হান

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফাই মুক্তির পথ বলে মন্তব্য করেছেন- জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নওহাটা পৌরসভার বাগধানী মোড়ে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে রায়হানুল আলম রায়হান বলেন, দেশের জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে। তাই তিনি সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বৈঠক শেষে রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে একটি পথসভায় সর্বস্তরের মানুষের মাঝে ৩১ দফার রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়, যা উপস্থিত জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া ফেলে।

প্রধান অতিথির বক্তব্যে রায়হানুল আলম রায়হান ৩১ দফার মূলনীতি ব্যাখ্যা করে বলেন, “প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে বিএনপি সব মত ও পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক ‘রেইনবো নেশন’ প্রতিষ্ঠা করতে চায়।” এর জন্য অব্যাহত আলোচনার মাধ্যমে একটি নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য কী করবে, তারই একটি সুস্পষ্ট দলিল এই ৩১ দফা।

তিনি আরও বলেন, ‘বিএনপির ৩১ দফা কোনো সাধারণ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি জাতির আকাঙ্ক্ষার দলিল। ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করতে হলে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। সেজন্য নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে।’

নওহাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই গণসংযোগ ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সদস্য মতিউর রহমান মতি এবং সঞ্চালনা করেন নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন হাবিব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সেন্টু কুমার সাহা, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, নওহাটা পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকার এবং নওহাটা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।