রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাকসু নির্বাচনে রাবি সায়েন্স ক্লাবের ২ প্রতিনিধি

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন
রাকসু নির্বাচনে রাবি সায়েন্স ক্লাবের ২ প্রতিনিধি
রাকসু নির্বাচনে রাবি সায়েন্স ক্লাবের ২ প্রতিনিধি

রাবি প্রতিবেদক:


৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এ নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন ক্লাবটির দুই সক্রিয় সদস্য।
ক্লাবের সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোফা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত চার বছর ধরে তিনি বিজ্ঞানচর্চা ও সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

অন্যদিকে সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন দপ্তর সম্পাদক আবিদ হাসান। তিনি টানা দুই বছর ধরে ক্লাবের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত থেকে বিজ্ঞানচর্চার প্রসারে কাজ করছেন।

প্রার্থিতার বিষয়ে তোফায়েল আহমেদ তোফা বলেন,”রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সমৃদ্ধ ব্যবহার শিক্ষার্থীদের জন্য প্রশাসনিক কাজগুলো আরও দ্রুত ও সহজলভ্য করতে পারে। নির্ধারিত সময়ে নির্বাচন হলে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও উদ্যোগের সুযোগ আরও বিস্তৃত হবে, আর আমি সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই।”
আরেক প্রার্থী আবিদ হাসান বলেন, “রাকসু নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে। নির্বাচন নির্ধারিত সময়েই হওয়া জরুরি। বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব—এই লক্ষ্যেই আমি কাজ করতে চাই।”

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ইতোমধ্যেই এক দশক পূর্ণ করেছে। এই সময়ে তারা আটটি জাতীয় বিজ্ঞানমেলার আয়োজনের পাশাপাশি ক্যাম্পাস ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনী, সায়েন্স শো এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এসব কার্যক্রম শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অধীনে একটি সরকারি নিবন্ধিত সংগঠন।