রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সাপাহারে স্টিলের বাটিকে কেন্দ্র করে বৃদ্ধা খুন

WP Import ২৫ আগস্ট ২০২৫ ০২:২৫ অপরাহ্ন
WP Import ২৫ আগস্ট ২০২৫ ০২:২৫ অপরাহ্ন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


একটি স্টিলের বাটিকে কেন্দ্র করে নওগাঁর সাপাহারে কেতামুন বিবি (৭১) নামের এক নারী খুনের শিকার হয়েছেন। নিহত কেতামুন বিবি সাপাহার উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী।

ঘটনার বিবরণে জানা গেছে, ওই গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী কেতামুন ও একই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী আম্বেরা খাতুন আপন দুই বোন এবং কেতামুনের ছেলে ও আম্বেরা খাতুনের মেয়ের বিবাহ হওয়ায় দু’বোনের সম্পর্ক বিহানে পরিণত হয়। ঘটনাক্রমে কয়েক দিন পূর্বে আম্বেরা খাতুনের মেয়ে কেতামুনের ছেলেকে বিবাহবিচ্ছেদ এর নোটিশ পাঠায়।

এঘটনায় গত ২৪ আগস্ট রোববার বিকেলে ওই গ্রামে তাদের মধ্যে চূড়ান্ত বিবাহ বিচ্ছেদের বৈঠক বসে। বৈঠকে বিবাহ বিচ্ছেদের পর বিবাহ পরবর্তী উভয় পরিবারের মধ্যে লেনদেনকৃত আসবাবপত্র ফেরতের সময় একটি স্টিলের বাটিকে কেন্দ্র করে বিহান দু’বোনের মধ্যে তর্ক বিতর্ক শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়।

এসময় বোন আম্বেরা, তার মেয়ে আসমা ও ছেলে মেহেদী হাসান মিলে কেতামুন খাতুনকে বেধড়ক মারপিট করতে থাকলে এক সময় কেতামুন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তড়িঘড়ি করে তাকে রাতে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকগণ কেতামুনকে মৃত বলে ঘোষনা করেন।

রোববার দিবাগত রাতেই কেতামুন বিবির বড় মেয়ে শাহিদা খাতুন (৩৭) বাদি হয়ে সাপাহার থানায় হত্যা মামলা রুজুর জন্য একটি লিখিত এজাহার দাখিল করেন। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য নিহতের লাশ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যামামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।