রাকসু নির্বাচনে প্রথম মনোনয়ন পত্র নিলেন সজিবুর রহমান

রাকসু নির্বাচনে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন সজিবুর রহমান। ছবি: সংগৃহীত
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এ প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এজিএস পদে মনোনয়ন সংগ্রহ করেছেন।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের নিচতলায় অবস্থিত রাকসু’র কোষাধ্যক্ষের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন নেওয়ার পর তিনি বলেন, এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এটা সাধারণ শিক্ষার্থীদের একটা দলিল হিসেবে থাকবে। যেকোনো যৌক্তিক বিষয়ে আমি একা হলেও দাঁড়ানোর চেষ্টা করেছি। ভয়েজ রেইজ করার চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীদের শক্তি নিয়ে, সাহস নিয়ে লেজুড়বৃত্তিক, দল, গোষ্ঠীর বাইরে যেয়ে মনোনয়ন নিয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।
তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে অনেকটা আশাবাদী। এটা আমাদের শিক্ষার্থীদের একটা আবেগে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় যাতে সুন্দর, নিরাপদ হয় সে উদ্দেশ্য নিয়ে কাজ করব। শিক্ষার্থীরা কেমন ক্যাম্পাস চাই, আমি তাদের কাছে গিয়ে গিয়ে তারা যেভাবে চাই সেভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি।
সর্বশেষ গত ২০ আগস্ট পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র বিতরণ চলবে ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত। এই তিনদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের নিচতলায় অবস্থিত প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন পদপ্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা।
এছাড়া ২৭ ও ২৮ আগস্ট সকাল ৯টা- বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর,মনোনয়নপত্র বাছাই , ২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর সকাল ৯টা- বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাসিক হলে ভোট গ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা হওয়ার কথা।