রাকসু নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিলেন নিশা

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসুর) নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘নারী বিষয়ক সম্পাদক’ পদে মনোনয়ন নিয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের নিচতলায় অবস্থিত রাকসু’র কোষাধ্যক্ষের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন নেয়ার পর তিনি বলেন, নারী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে আগ্রহী করার উদ্দেশ্যে আমি প্রথম নারী শিক্ষার্থীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার প্রত্যাশা হলো; নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পূর্ণ আবাসিকতার সুযোগ সৃষ্টি করা, হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন করা এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা প্রশাসনের কাছে তুলে ধরা।
তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীরা আমাকে নারী প্রার্থী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
সর্বশেষ গত ২০ আগস্ট পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র বিতরণ চলবে ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত। এই তিনদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের নিচতলায় অবস্থিত প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন পদপ্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা।
এছাড়া ২৭ ও ২৮ আগস্ট সকাল ৯টা- বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর,মনোনয়নপত্র বাছাই , ২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর সকাল ৯টা- বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাসিক হলে ভোট গ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা হওয়ার কথা।