প্রশাসনের আশ্বাসে রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের আন্দোলন স্থগিত

কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন রাবি অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের আশ্বাসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিন দিনের অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন পোষ্য কোটার দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করার পর এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন এই ঘোষণা দেন। এদিন দুপুরের খাবার বিরতি শেষে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফেরার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে কিছুটা সময় চেয়েছে। সামগ্রীকভাবে, সবকিছু বিবেচনা করে এবং আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের স্বার্থে আমরা আমাদের তিন দিনের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি। যদি দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন আমাদের দাবি না মানে, আগামীতে আমরা লাগাতার কর্মসূচী ঘোষণা করব। এবং যতক্ষণ না আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার আদায় হবে পানি, বিদ্যুৎ ও পরীক্ষা সকলকিছু আমরা বন্ধ করে দিব। দুপুরের খাবার বিরতির পর থেকে আপনারা (আন্দোলনকারীরা) নিজ নিজ কার্যক্রমে ফিরে যাবেন।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট থেকে ফের আলোচনায় আসে পোষ্য কোটা। বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে পুনরায় লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। এরই অংশ হিসেবে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আজ রবিবার (২৪ আগস্ট) থেকে আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের আন্দোলনে বিএনপিপন্থী ও জামায়াতপন্থী শিক্ষকদের নেতৃত্ব দিতে দেখা গেছে। এতে মৌন সমর্থন রয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদেরও। আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, বিএনপিপন্থি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলিম, বিশ্ববিদ্যালয় শাখার জামায়াতে ইসলামীর আমির ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম, শাখা জামায়াতের সেক্রেটারি ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আহসান, অফিসার সমিতির বিএনপিপন্থি সভাপতি মোক্তার হোসেন ও জামায়াতপন্থি কোষাধ্যক্ষ মাসুদ রানা।
এর আগে একই দাবিতে ১৪ ও ১৮ আগস্ট অর্ধ-দিবস কর্মবিরতি পালনের পর গত মঙ্গলবার (১৯ আগস্ট) পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট আগস্ট পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন তাঁরা।