বুধবার রাজশাহী আসছেন তারেক রহমান
আগামী বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভা অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। এছাড়াও নওগাঁ ও বগুড়ায় জনসভায় বক্তব্য দেবেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসভবনে জনসভা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনসভার তারিখ ও সময় নির্ধারণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহীন সৈকত। তিনি বলেন, আগামী বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন। নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান হিসেবে জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন।
এসময় রাজশাহীর বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।