বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে দ্রুত এগিয়ে যেতে সরকারের প্রতি আহ্বান
বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে দ্রুত বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের কাছে ১৩ দফা সুপারিশ তুলে ধরেছে দুটি সংগঠন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সুপারিশ তুলে ধরে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, রাজশাহী এবং পরিবর্তন ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সহসভাপতি দিল সেতারা চুনি, সাধারণ সম্পাদক রাশেদ রিপন, সদস্য তৈয়বুর রহমান, পঙ্কজ কর্মকার, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় প্রমুখ।
বক্তারা বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে সেচকাজে সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব আরোপ করেন তারা। একই সঙ্গে অটোরিকশার জন্য সরকারি উদ্যোগে চার্জিং স্টেশন নির্মাণের দাবি জানানো হয়।
আসন্ন বাজেটে সৌরবিদ্যুৎ সরঞ্জামের ওপর পূর্ণ কর রেয়াত এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে সোলার সিস্টেম সরবরাহের দাবি জানান বক্তারা। বক্তারা মনে করেন, সময়োপযোগী এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা আসবে এবং আমদানিনির্ভরতা কমবে।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে- জ্বালানি খাতে জাতীয় ঐকমত্য গড়ে তোলা, নবায়নযোগ্য জ্বালানিতে কর-প্রণোদনা দেওয়া, দ্রুত রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন, সৌরবিদ্যুৎ প্রকল্প দ্রুত অনুমোদনের পদক্ষেপ গ্রহণ, পরিবহন খাতে বৈদ্যুতিক যানবাহন চালু এবং সৌরচালিত সেচব্যবস্থা সম্প্রসারণ।