ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত
সোনার দেশ ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন। আজ রোববার সকালে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বেলা ১১টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার দলের শীর্ষ নেতার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আমি কোনো স্বপ্নের কথা বলিনি, বাস্তব পরিকল্পনার কথা বলেছি: তারেক রহমানআমি কোনো স্বপ্নের কথা বলিনি, বাস্তব পরিকল্পনার কথা বলেছি: তারেক রহমান
তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা-১৭ আসন থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে তাঁর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ আসনও ছিল। গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত তিনি ভোলা-১ (সদর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন