পটুয়াখালীতে অটোরিকশা-টমটম সংঘর্ষে শিশুসহ নিহত ২
সোনার দেশ ডেস্ক :
পটুয়াখালীর দুমকি উপজেলায় অটোরিকশা ও টমটমের সংঘর্ষে শিশুসহ দুজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লেবুখালীর পায়রাব্রিজ এলাকার পাগলা-বাউফল মহাসড়কের রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দুমকি থানার অফিসার ওসি মো. সেলিম উদ্দিন জানান।
নিহতরা হলেন- অটোরিকশা যাত্রী শিশু রবিউল (৬) ও ইব্রাহীম (৬৫)।
আহত মো. সুমন সর্দার (২৫) ও আবদুল কাদেরের (৫০) বাড়ি বাউফল উপজেলার ঝিলনা ও কলতা গ্রামে।
ওসি বলেন, “বাউফল থেকে অটোরিকশায় করে বদরপুর বাজারে মিজানের মিষ্টি কিনতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। এ সময় উল্টো দিক থেকে আসা সিমেন্টবোঝাই টমটমের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে গুরুতর আহত হন রবিউলসহ চার যাত্রী।
“পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।”
গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সেলিম উদ্দিন।
তিনি বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: বিডিনিউজ